logo

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫
আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লাগে। ছবি : এশিয়া পোস্ট

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত বয়লার, নাকি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রনি বলেন, বিস্ফোরণের শব্দের পর আগুন ও বিস্ফোরণের আঘাতে কয়েকজন আহত হন। তিনি দুইজন দগ্ধ ও গুরুতর আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় পাশের সড়কে থাকা রিকশাচালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত চার থেকে পাঁচজন দগ্ধ বা আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার প্রশাসনিক কর্মকর্তা হেমায়েত বলেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। কারখানার সীমানাপ্রাচীরের এক কোণায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। বিস্ফোরণটি বয়লার নাকি সিলিন্ডার থেকে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভেতরে প্রচণ্ড আগুন থাকায় উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় প্রবেশ করতে পারছেন না। পরিস্থিতি পর্যবেক্ষণের পর হতাহতের সঠিক সংখ্যা জানানো হবে।