logo
Advertisement

বিয়ের অনুষ্ঠানে ঝগড়ার জেরে নয় মাস পর বৃদ্ধকে কুপিয়ে খুন

এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
বিয়ের অনুষ্ঠানে ঝগড়ার জেরে নয় মাস পর বৃদ্ধকে কুপিয়ে খুন
মানচিত্রে চট্টগ্রাম। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিয়ের অনুষ্ঠানে ঝগড়ার জেরে আবদুল মান্নান নামে এক বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) জেলার সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আবদুল মান্নানের সঙ্গে প্রতিবেশী মোজাম্মেল হকের ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে তাদের মধ্যে পুনরায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত স্থানীরা মীমাংসা করে দেন।

এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে অন্ধকার গলিতে মোজাম্মেল হক হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে আবদুল মান্নানকে জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রাউজানের পাহাড়তলীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (মেকাক) হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মোজাম্মেল হক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।