logo
Advertisement

কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে গুলি পেল শিক্ষার্থীরা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
দুমকি, পটুয়াখালী
কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে গুলি পেল শিক্ষার্থীরা
উদ্ধার করা গুলি। ছবি : পুলিশ সূত্রে পাওয়া

পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিটি কোথা থেকে এবং কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মাঠের পূর্ব পাশে টিনের বেড়ার কাছে একটি অর্জুনগাছের নিচে পুরোনো ইটের স্তূপ থেকে গুলিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৃজনী বিদ্যা নিকেতনের কয়েকজন শিক্ষার্থী কলেজ মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি মাঠের পূর্ব পাশে টিনের বেড়ার কাছে একটি অর্জুনগাছের নিচে থাকা পুরোনো ইটের স্তূপের ওপর গিয়ে পড়ে। বল আনতে গিয়ে এক শিক্ষার্থী ইটের স্তূপের মধ্যে একটি ধাতব বস্তু দেখতে পায়। পরে স্থানীয়রা সেটিকে গুলি বলে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিটি উদ্ধার করে।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার হওয়া বস্তুটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি। এর রং তামাটে এবং এটি ধাতব পদার্থের তৈরি। বস্তুটির পেছনের অংশ মোটা ও গোলাকার এবং সামনের অংশ সুচালো। পেছনের অংশে ‘RA-42’ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া গুলিটি কোথা থেকে এবং কীভাবে কলেজ মাঠে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।