রংপুর পলিটেকনিক অধ্যক্ষের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

নারী শিক্ষার্থীদের যৌন হয়রানিমূলক প্রস্তাব ও হেনস্তার অভিযোগে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ক্লাস বর্জন করে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সিভিল ট্রেডের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রেজাউল করিম রাজু, মেকানিক্যাল ট্রেডের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আরাফাত হোসেন ও ইলেকট্রিক্যাল বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আফরোজা আক্তার মুন্নি। এ ছাড়া মিথিলা, রাসেল মাহমুদ ও মোহাম্মদ সাদিকসহ অনেকে বক্তব্য দেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন আইডি ব্যবহার করে নারী শিক্ষার্থীদের গ্রুপে কুপ্রস্তাবসহ যৌন নিপীড়নমূলক প্রস্তাব দিচ্ছেন। এতে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন বলেও অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ স্বেচ্ছায় পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস অবরোধ করা হবে।
অভিযোগের বিষয়ে ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ট্রেডের শিক্ষক ফুয়াদ মুহাম্মদ তহিদুল ইসলাম বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে পিকনিক ও মাঠ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীরা আবেদন করেছিলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখনও পিকনিকের অনুমতি দেওয়া হয়নি।
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগ সত্য নয়।

