logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ চলছে: বাণিজ্যমন্ত্রী

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ চলছে: বাণিজ্যমন্ত্রী
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : এশিয়া পোস্ট

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কলেজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Advertisement

মন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা থাকলেও বর্তমান অবকাঠামো ও জায়গা উদ্দেশ্য পূরণের জন্য পুরোপুরি সহায়ক নয়। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্রুতই কলেজের খেলার মাঠ, মসজিদ নির্মাণ ও পরিবহনসংক্রান্ত সমস্যা সমাধান করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। তবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এটিকে শাবিপ্রবির অধীনে ইনস্টিটিউট করা এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি কেন দেশ ছেড়ে গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। দেশের মানুষের ক্ষোভের মুখে তিনি দেশ ছাড়েন। নাগরিক হিসেবে যেদিনই দেশে ফিরুক, আইন অনুযায়ী তাকে প্রাপ্য ও দায়দায়িত্ব বহন করতে হবে।

সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অধিকাংশ কারখানার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী বছরের শুরু থেকেই দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। প্রায় ৫০টি সরকারি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে, যা কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় অবদান রাখবে। নতুন শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

কৃষি খাত নিয়ে মন্ত্রী বলেন, ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর বড় সুযোগ রয়েছে। এই সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে। পেঁয়াজ উৎপাদনে আমদানিনির্ভরতা কাটিয়ে চাহিদার তুলনায় বেশি উৎপাদনের উদাহরণ টেনে তিনি কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আমদানি-রপ্তানির ব্যবধান প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বেশি থাকলেও এ ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, বরং সামগ্রিক বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও কৃষিপণ্যের উৎপাদন বাড়ালে আমদানি ব্যয় ও খাদ্যপণ্যে নির্ভরতা কমবে। পাশাপাশি রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।