গোর-এ-শহীদ মাঠ উন্মুক্তের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ মাঠ সর্বসাধারণের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সর্বস্তরের দিনাজপুরবাসী।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোকসেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, সাবেক প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন চিশতী ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান।
সমাবেশে বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই মাঠে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দানে ঈদের জামাতসহ জাতীয় দিবস, মেলা, জনসভা, সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে আসছে। এই মাঠে খেলাধুলা করেই বহু খেলোয়াড় জাতীয় পর্যায়ে অবদান রাখার সুযোগ পেয়েছেন। ২০২৬ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের সহযোগিতায় বড়মাঠের স্পোর্টস ভিলেজে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। সে সময় জানানো হয়েছিল, নির্বাচন-পরবর্তী সময়ে তারা মাঠ ছেড়ে দেবেন। কিন্তু বাস্তবে মাঠটির ওপর তাদের নিয়ন্ত্রণ এখনও অব্যাহত রয়েছে এবং তারা মাঠটি নিজেদের সম্পত্তি বলে দাবি করছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এই পরিস্থিতিতে মাঠটি রক্ষার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ, আইনজীবী, চিকিৎসক, খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। ইতোপূর্বে লিফলেট বিতরণ, পথসভা, মানববন্ধন, রেলপথ অবরোধ এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ ছাড়া ১৯৮৯ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত বাতিল এবং ২০০৩ সালে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন ও মন্ত্রিপরিষদের সভায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেওয়া গোর-এ-শহীদ মাঠ জনগণের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।

