logo

হুইলচেয়ার পেয়ে জেলা প্রশাসককে ‘মা’ ডাকলেন সাহা বানু

হুইলচেয়ার পেয়ে জেলা প্রশাসককে ‘মা’ ডাকলেন সাহা বানু
প্রতিবন্ধী ৭০ উর্ধ্ব সাহা বানু জেলা প্রশাসককে কাছে পেয়ে মা বলে সম্বোধন করেন। ছবি : এশিয়া পোস্ট

দীর্ঘদিন বিছানায় পড়ে থাকার পর হুইলচেয়ারে বসার সুযোগ পেয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে ‘মা’ বলে সম্বোধন করেছেন ৭০ বছরের বেশি বয়সি সাহা বানু। হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি জেলা প্রশাসকের জন্য দোয়া করেন।

সোমবার (১২ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে আসা অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ১৩টি হুইলচেয়ার ও একটি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

হুইলচেয়ার পেয়ে সাহা বানু বলেন, এইটা আমার মা। এই মায়ের জন্য আমি ম্যালা দিন বিছানায় পইরা থাহার পর একটু কোমরডা সোজা কইরা বহার ব্যবস্থা হইল। আল্লাহ আমার মাডারে বাঁচাইয়া রাখুক। যেন আমার মতো অসহায় মানুষের জন্য এমন ব্যবস্থা করতে পারেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের নানা সমস্যা নিয়ে আসেন। এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৪ জন অসহায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিতরণ করা ১৩টি হুইলচেয়ারের মধ্যে ১০টি দিয়েছেন শেরপুরের সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। বাকি তিনটি জেলা প্রশাসনের উদ্যোগে এবং ট্রাইসাইকেলটি জেলা সমাজসেবা তহবিল থেকে সংগ্রহ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ অনেকে।