ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাসটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করেন।
পরে দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ পথে সেলফি পরিবহন চলাচল বন্ধের নিশ্চয়তা দিলে আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি পীযূষ ফাইটার।
এর আগে সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী ইয়াসিন (২২) ও বাবলু (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ইজিবাইকচালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের বাসটি পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ইজিবাইকটি মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহন বন্ধের দাবি জানান। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
