Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি
পুশইন রুখে দিতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। সঙ্গে আছেন স্থানীয়রাও। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে জোরপূর্বক পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

সোমবার (১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে এই অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সম্প্রতি এ নিয়ে তৃতীয়বারের মতো সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি।

১৬ বিজিবি সূত্রে জানা গেছে, রাতে ১৬ বিজিবির অধীনের রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর দিয়ে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর.কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা একজন মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন প্রতিহত করা হয়। পুশইনের চেষ্টাকালে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

এর আগে গত ১৩ জুন এই রোকনপুর সীমান্ত দিয়েই ১৩ জন এবং গত ৪ জুন একই উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে আরও ২৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে ওই দুটি ঘটনাতেও বিজিবির কঠোর বাধায় পুশইন করতে ব্যর্থ হয় বিএসএফ।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বর্তমানে রোকনপুর ও আশপাশের সীমান্ত এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও পুশইনরোধে সীমান্তে বিজিবির সার্বক্ষণিক কড়া নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।