Advertisement

চুরি হওয়া মিনি ট্রাক উদ্ধার, চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
চুরি হওয়া মিনি ট্রাক উদ্ধার, চোর চক্রের সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার সাজ্জাদ মিয়া। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মিনি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার সাজ্জাদ মিয়া (২৯) কুমিল্লার দেবিদ্বার থানার গুনাইগড় এলাকার ছাফিন মাস্টারের বাড়ির মো. হোসেন মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের গজারিয়া থানার আনারপুর এলাকার মেম্বার বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাত ১০টা থেকে ২৫ জুলাই ভোর ৬টার মধ্যে যেকোনো সময় চাটখিল উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ভাত্তর গ্রামের মোস্তাননগর খোরশেদের দোকানসংলগ্ন চাটখিল-সোনাইমুড়ী প্রধান সড়ক থেকে একটি মিনি ট্রাক চুরি হয়। ওই গাড়ির ভেতরে থাকা ৩৬০টি খালি গ্যাসের বোতলও চুরি করা হয়। এ ঘটনায় গাড়ির মালিক মরিয়ম বেগম (৩৮) বাদী হয়ে ৩ আগস্ট চাটখিল থানায় মামলা করেন।

উদ্ধার করা ট্রাক। ছবি : এশিয়া পোস্ট
উদ্ধার করা ট্রাক। ছবি : এশিয়া পোস্ট

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জায়েদ ভূঁইয়া বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া মিনি ট্রাকটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকার শুকতারা গাড়ি পার্কিং অ্যান্ড গাড়ি ওয়াশে অভিযান চালিয়ে সাজ্জাদ মিয়ার হেফাজত থেকে চুরি যাওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় :