logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কক্সবাজারে ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি, ক্রেতাশূন্য বিপণিবিতান

কক্সবাজারে ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি, ক্রেতাশূন্য বিপণিবিতান
কক্সবাজারে ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি, ক্রেতাশূন্য বিপণিবিতান। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

অগ্রহায়ণের শুরুতে শীতের আমেজে পর্যটন মৌসুম গড়ালেও এবার কক্সবাজারের সৈকত, হোটেল-মোটেল ও বিপণিবিতানগুলোতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের পরীক্ষা ও সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় পর্যটকের আগমন কমে যাওয়ায় হোটেলগুলোতে বুকিং নেমে এসেছে ৩০ শতাংশে। খালি পড়ে আছে হোটেল-মোটেলের ৭০ শতাংশ কক্ষ। এতে বিপণিবিতান, পরিবহন ও সৈকতকেন্দ্রিক পর্যটননির্ভর ১৩টি খাতে তৈরি হয়েছে তীব্র মন্দাভাব। ফলে দৈনন্দিন পরিচালন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছেন বড় থেকে ক্ষুদ্র পর্যটন ব্যবসায়ীরা।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, পর্যটন মৌসুমে এসব খাতে প্রতিদিন অন্তত ৫০ কোটি টাকার লেনদেন হয়। পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বড় ব্যবসায়ীদের পাশাপাশি হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। তারা বলছেন, বৈরী আবহাওয়া, ঘূর্ণিঝড়ের প্রভাব, শিক্ষার্থীদের পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় পর্যটকের আগমন কমেছে। আগামী ডিসেম্বরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে ব্যবসায় আরও বড় ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Advertisement

সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা, কলাতলী, হোটেল-মোটেল জোন ঘুরে পর্যটক নির্ভর ব্যবসায়ীদের এমন দুরবস্থার চিত্র দেখা যায়।

বিকেল ৩টার দিকে লাবণী পয়েন্টে সৈকতের কিটকিট ব্যবসায়ী মো. রায়হানের সঙ্গে কথা বলে তিনি বলেন, আমার ১৮টি চেয়ার ভাড়া দেওয়া হয়। গত ১০ দিনে প্রতিটি চেয়ার থেকে সব মিলিয়ে আয় হয়েছে দেড় থেকে দুই হাজার টাকা। অথচ স্বাভাবিক সময়ে প্রতিটি চেয়ার থেকে একসময়ে প্রায় পাঁচ হাজার টাকা আয় হতো।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

আলাপকালে বিচ বাইকচালক মো. লোকমান জুনায়েদ বলেন, আগে প্রতিদিন একটি বাইক ২০টি পর্যন্ত ভাড়া দেওয়া যেত। এখন পাঁচটির বেশি ভাড়া পাওয়া যাচ্ছে না। দিনে দেড় থেকে দুই হাজার টাকা আয় হলেও জ্বালানি খরচেই চলে যায় প্রায় ৭০০ টাকা। গাড়ি ভাড়া দেওয়ার পর নিজের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।

আরেক বিচ বাইকচালক মোহাম্মদ আমির হোসেন জানান, পর্যটক বেশি থাকলে একটি বাইকে দিনে এক হাজার থেকে ১২০০ টাকার জ্বালানি খরচ করে চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া পাওয়া যেত। সেই আয় থেকে তারা কমিশন হিসেবে পারিশ্রমিক পেতেন। কিন্তু গত ১০ থেকে ১৫ দিন ধরে খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে।

বিকেল ৪টার দিকে সুগন্ধ পয়েন্টে কথা হলে জিপ চালক আলী আহমদ বলেন, পর্যটক থাকলে দিনে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ভাড়া পাওয়া যেত। কিন্তু গত পাঁচ দিনে কোনো ভাড়া পাইনি।

আরেক চালক সিরাজুল ইসলাম বলেন, গত ১০ দিন ধরে ভাড়া এতটাই কম যে গাড়ি চালানোর খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।

সৈকতের লাইফ গার্ডকর্মী রশিদ আহমদ বলেন, বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় গত দুই সপ্তাহ ধরে সৈকতে পর্যটকের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

লাখ লাখ টাকার পণ্য, ক্রেতা নেই

কলাতলী পয়েন্টে সড়কের উত্তরপাশে টিএম বার্মিজ মার্কেটের ৪৫টি দোকানের অধিকাংশই পর্যটকনির্ভর। পর্যটন মৌসুম সামনে রেখে এখানকার ব্যবসায়ীরা দোকানে তুলেছেন লাখ লাখ টাকার পণ্য। কিন্তু ক্রেতার অভাবে গত এক মাস ধরে দোকানগুলোতে অলস সময় কাটাচ্ছেন মালিক ও কর্মচারীরা।

বিকেল ৫টার দিকে মার্কেটটির সুইট গ্যালারি আচার বিতানের মালিক মোহাম্মদ ইমরান বলেন, আগে পর্যটন মৌসুমে টানা চার মাস ভালো ব্যবসা হতো। এবার দুই মাসের বেশি সময় ভালো ব্যবসার সুযোগ দেখছি না। এরপরই শুরু হবে রমজান। দেশের পরিস্থিতি বিবেচনায় সামনের দিনগুলোতে ভালো ব্যবসা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছি।

ইমরান বলেন, বর্তমানে দিনে তিন থেকে পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে। কিন্তু এই আয় দিয়ে দোকানের খরচই উঠছে না।

একই মার্কেটের আবিদ বার্মিজ শপের মালিক মোহাম্মদ জামাল বলেন, পর্যটক বেশি থাকলে আমার দোকানে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার পণ্য বিক্রি হতো। এখন ক্রেতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে।

এসএফ পার্ল শপের মালিক জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে যা বিক্রি হচ্ছে, তা দিয়ে বিদ্যুৎ বিল, দোকানভাড়া ও কর্মচারীদের বেতন দেওয়াই কঠিন হয়ে পড়েছে।

রিজন স্টোরের মালিক রিজন নাথ বলেন, আমার দোকানের দৈনিক খরচ প্রায় চার হাজার টাকা। অথচ পণ্য বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকার।

হোটেল-মোটেলে বুকিং নেমেছে ৩০ শতাংশে

এদিকে পর্যটক কমে যাওয়ার প্রভাব পড়েছে হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়। কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির তথ্য মতে, শহরে ছোট, মাঝারি ও তারকামানের প্রায় সাড়ে ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্ট আছে। যেখানে দৈনিক এক লাখের বেশি মানুষ থাকতে পারেন। কিন্তু পর্যটক কম থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানের অনেক কক্ষই ফাঁকা থাকছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কলাতলী মোড়ের মাঝারি মানের শাহজাদী রিসোর্টের হিসাবরক্ষক নুরুল হক মেহেদী বলেন, চলতি নভেম্বর মাসে প্রতিদিন রিসোর্টটির ২০ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হচ্ছে। বাকি কক্ষগুলো ফাঁকা থাকছে। ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও কাঙ্ক্ষিত বুকিং পাওয়া যাচ্ছে না। এতে ভ্যাট, কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে।

হোটেল-মোটেল জোনের গ্যালাক্সি রিসোর্টের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার জয় গোস্বামী বলেন, আমাদের রিসোর্টেতে রয়েছে মোট ৪০টি কক্ষ। চলতি নভেম্বর মাসে গড়ে ১০ থেকে ১৫টি কক্ষ বুকিং হলেও আগের বছরগুলোতে একসময়ে ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ বুকিং থাকত। বর্তমান আয় দিয়ে রিসোর্টের পরিচালন ব্যয় মেটানো যাচ্ছে না।

তারকামানের হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, সন্তানদের বিভিন্ন পরীক্ষা চলায় অনেক অভিভাবক পরিবার নিয়ে ভ্রমণে বের হচ্ছেন না। এতে ব্যবসায় চরম মন্দাভাব দেখা দিয়েছে। চলতি নভেম্বর মাসে আমাদের হোটেলের কক্ষ বুকিং ২০ থেকে ৩০ শতাংশে নেমেছে। অথচ কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ হোটেল পরিচালনায় প্রতিদিন প্রায় সাড়ে আট লাখ টাকা খরচ হয়। বর্তমানে সেই খরচও উঠছে না।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

সায়ীদ আলমগীর আরও বলেন, আগামী ডিসেম্বরের শুরুতে ব্যবসা কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পর্যটন ব্যবসায়ীরা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার এশিয়া পোস্টকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার নভেম্বর মাসে পর্যটকের সংখ্যা অনেক কম। বর্তমানে হোটেলগুলোতে দৈনিক ২০ হাজার মানুষও অবস্থান করছেন না। অথচ মৌসুম সামনে রেখে ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছেন, আনুষঙ্গিক খরচও বেড়েছে। এতে হোটেলগুলোতে প্রতিদিন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

আবুল কাশেম সিকদার আরও বলেন, অতীতে কক্সবাজারের পর্যটন শিল্পকে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও ধর্মঘটের বাইরে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল। ভবিষ্যতেও পর্যটনশিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা এশিয়া পোস্টকে বলেন, পর্যটন মৌসুমে হোটেল-রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ১৩টি খাতে প্রতিদিন অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা হয়। কিন্তু দেশের যে-কোনো অস্থির পরিস্থিতিতে প্রথম দিকেই আঘাত আসে এ খাতে। এতে শুধু বড় ব্যবসায়ীরা নন, পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষও ক্ষতিগ্রস্ত হন।

আবু মোরশেদ চৌধুরী আরও বলেন, পর্যটন শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা জরুরি। পর্যটকের উপস্থিতি কমে গেলে এর প্রভাব শুধু হোটেল-মোটেল বা পরিবহন ব্যবসায় সীমাবদ্ধ থাকে না। সৈকতের ফটোগ্রাফার থেকে শুরু করে ক্ষুদ্র দোকানি পর্যন্ত পুরো পর্যটন অর্থনীতিতে এর প্রভাব পড়ে।

জাকারিয়া নূরী

সম্পাদনা

জাকারিয়া নূরী

জ্যেষ্ঠ প্রতিবেদক | এশিয়া পোস্ট