logo

বোচাগঞ্জে পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যা

বোচাগঞ্জে পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যা
মানচিত্রে দিনাজপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার সাবেক স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকা রামদাস পাড়ার ডিএন অটো রাইস মিলের মালিক মোস্তাফিজুর রহমান। সেখানে প্রায় যাতায়াত করতেন তার সাবেক স্ত্রী। তাদের অনেক সময় ঝগড়া হতো। রোববারও তাদের মধ্যে ঝগড়া শুনতে পান মিলের শ্রমিকরা। পরে মোস্তাফিজুর রহমানের পায়ের রগ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন শ্রমিকরা।

দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান বলেন, শ্রমিকরা প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই নারীকে আটক করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।