সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, একই পরিবারের তিনজন আটক

ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন পরশুরাম উপজেলার নিজকালিকাপুর বিওপির টহল দল তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৫৯/৩-এস সংলগ্ন শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার শাহাপাড়ার রিপন মজুমদার (৫৫), তার স্ত্রী ডলি মজুমদার (৪৮) ও ছেলে প্রলয় মজুমদার (২৬)। প্রলয় মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, রিপন মজুমদার দীর্ঘদিন ধরে আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে দীর্ঘদিন অপেক্ষা করেও সাড়া না পাওয়ায় স্থানীয় হাসান নামের এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন তারা। এ উদ্দেশ্যে তারা নিজকালিকাপুর সীমান্ত এলাকায় আসেন।
বিষয়টি নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

