ফরিদপুরে ১৪ লাখ টাকার মাদকসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ
-7273ca-720x405.webp)
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি অভিযানে ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এসব তথ্য জানায়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪৩ হাজার টাকা।
এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম ও পূর্ব পাশে ঢাকা-বরিশাল এবং খুলনা-ঢাকা মহাসড়কে পৃথক চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
-2c4121.jpg)
এসআরবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টোল প্লাজার পশ্চিম পাশে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ৪১ কেজি গাঁজাসহ মো. মাইনুল ইসলাম (৩৬) নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী এলাকায়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩১ হাজার ১৮৫ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, দুপুর আড়াইটার দিকে টোল প্লাজার পূর্ব পাশে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. আলী হোসেন (৫৬) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর দাবি, আটচ ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

