logo
Advertisement

নাটোরে মিষ্টির রসে কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি, লাখ টাকা জরিমানা

নাটোরে মিষ্টির রসে কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি, লাখ টাকা জরিমানা
নাটোরে অভিযান চালিয়ে জব্দকৃত নকল মধু ধ্বংস করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : এশিয়া পোস্ট

নাটোরে মিষ্টির রসে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি ও বিক্রির অপরাধে আশরাফুল আলম নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে আশরাফুল আলমের দোকান ও কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাটোরের ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ বাবু। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলম ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী আশরাফুল আলম দীর্ঘদিন ধরে মিষ্টির রসের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি ও বাজারজাত করে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কারখানায় অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে ৬ মণ ভেজাল মধু উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী অননুমোদিত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত, উপাদান মিশ্রণ, সরবরাহ ও বিক্রির অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মধু ধ্বংস করা হয়। অভিযুক্ত আশরাফুল আলম জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।