পূর্বশত্রুতার জেরে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান

গাজীপুরের কালিয়াকৈরে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তির বাড়িঘর ও দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে পাঁচটি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরপাড়া গ্রামের রাহেলা নামে এক নারীর বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়ির পাঁচটি ঘর ও দুটি দোকান পুড়ে যায়। আগুনে ঘরের মালামালসহ সবকিছু পুড়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিরোধের জেরে একদল লোক ওই বাড়িতে আগুন দিয়েছে। তবে কী নিয়ে বিরোধ, কারা আগুন দেওয়ার ঘটনায় জড়িত—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ঠাকুরপাড়া এলাকায় রাহেলা নামে এক নারীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বাড়িঘর ও দোকান পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, বাড়ির মালিক তাদের জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে একদল লোক তাদের বাড়িতে আগুন দিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আওয়ামী লীগ নাকি বিএনপির লোকজন আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



-6f0a08-720x405.webp)


