logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

খাদ্যগুদামে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ, মাস্টার রোলে চলছে কাজ

খাদ্যগুদামে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ, মাস্টার রোলে চলছে কাজ
রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ছবি: এশিয়া পোস্ট

সরকারি খাদ্যগুদামে শ্রম ও হ্যান্ডলিং এবং অভ্যন্তরীণ সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগে দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। রাজশাহী বিভাগের পাঁচ জেলায় ৩ থেকে ১৫ বছর পর্যন্ত নতুন করে দরপত্র আহ্বান করা হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। এতে নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি মাস্টার রোল পদ্ধতিতে শ্রমিকদের মজুরি পরিশোধে বৈষম্য ও বিভিন্ন পর্যায়ে অর্থ কেটে রাখার অভিযোগও রয়েছে।

ঠিকাদারদের অভিযোগ, বগুড়া ও নাটোর জেলায় প্রায় ১৫ বছর, জয়পুরহাটে ৯ বছর এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ বছর ধরে নতুন করে দরপত্র আহ্বান করা হয়নি। দীর্ঘদিন একই ব্যবস্থায় কাজ চলায় প্রতিযোগিতামূলক পরিবেশ ব্যাহত হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

এ পরিস্থিতিতে খাদ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন পর্যায়ের পরিবহন এবং শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ৩০ সেপ্টেম্বর জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। পরে খাদ্য অধিদপ্তরের ১৭ অক্টোবরের সিদ্ধান্তেও নতুন ঠিকাদার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান কিছু পরিবহন ঠিকাদারের চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন মাস বাড়ানো হয়েছে। তবে এই মেয়াদ শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই চুক্তির মেয়াদ আর বাড়ানো যাবে না।

এ ছাড়া আইবিসিসি, আইআরটিসি এবং বিভিন্ন পর্যায়ের শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদারদের মূল চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তিন মাস মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেসব পরিবহন ঠিকাদারের বিরুদ্ধে মামলা রয়েছে, সেসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়ে অগ্রগতি মন্ত্রণালয়কে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন পরিবহন ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণের কথা বলা হয়েছে মন্ত্রণালয়ের স্মারকে। চুক্তির নির্ধারিত মেয়াদ অনুযায়ী খাদ্যশস্য পরিবহনের আনুমানিক মোট মূল্য নির্ধারণ এবং আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিয়ে চুক্তি সম্পাদনের নির্দেশনাও রয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খাদ্য অধিদপ্তরের আওতায় বর্তমানে কর্মরত মেজর ক্যারিয়ার, বিডিসি, কেন্দ্রীয় সড়ক পরিবহন ঠিকাদার এবং সব পর্যায়ের শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ কার্যক্রমের অগ্রগতি প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে হবে।

মাস্টার রোলে মজুরি নিয়ে বৈষম্যের অভিযোগ

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির অভিযোগ, কয়েকটি জেলায় দীর্ঘদিন ধরে নতুন দরপত্র আহ্বান না করে মাস্টার রোল পদ্ধতিতে কাজ পরিচালনা করা হচ্ছে। এ ব্যবস্থায় শ্রমিকদের মজুরি পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে।

সমিতির দাবি, কোনো কোনো ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে শ্রমিকদের বিল জমা হলেও সরকারি বিল উত্তোলনের আগেই ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব অর্থ থেকে শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হয়। এতে আর্থিক লেনদেন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুফলও তারা পুরোপুরি পাচ্ছেন না বলে অভিযোগ করেছে সংগঠনটি। তাদের দাবি, মজুরি ১০০ শতাংশ বৃদ্ধির কথা বলা হলেও মাস্টার রোল পদ্ধতিতে শ্রমিকেরা পাচ্ছেন মাত্র ৫০ শতাংশ। মজুরি পরিশোধের নামে বিভিন্ন পর্যায়ে অর্থ কেটে রাখার অভিযোগও রয়েছে।

ঠিকাদারদের আরও অভিযোগ, দরপত্র আহ্বানের জন্য যথেষ্ট সময় থাকলেও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) অনুসরণ করে মাস্টার রোল পদ্ধতিতে কাজ পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এ উদ্যোগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

সরকারি ক্রয়ব্যবস্থায় ডিপিএম একটি ব্যতিক্রমধর্মী পদ্ধতি। বিশেষ পরিস্থিতি, জরুরি প্রয়োজন কিংবা আইনে নির্ধারিত শর্ত পূরণ হলেই সাধারণত এ পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিকাদারদের প্রশ্ন, দরপত্র আহ্বানের জন্য পর্যাপ্ত সময় থাকার পরও আগেভাগে এ পদ্ধতির দিকে যাওয়ার প্রয়োজন কেন হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলে দাবি তাদের।

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির নেতারা বলছেন, বছরের পর বছর নতুন দরপত্র আহ্বান না করায় খাদ্য পরিবহন এবং শ্রম ও হ্যান্ডলিং খাতে একধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এতে নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ পাচ্ছেন না। একই ব্যবস্থায় দীর্ঘদিন কার্যক্রম চলায় প্রতিযোগিতামূলক পরিবেশও বাধাগ্রস্ত হচ্ছে।

ঠিকাদার পাভেল খান বলেন, মাস্টার রোল পদ্ধতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হচ্ছে না। সরকারি বরাদ্দ এবং শ্রমিকদের প্রকৃত প্রাপ্যের মধ্যে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। কোথাও কোথাও শ্রমিকেরা মজুরি বৃদ্ধির সুফল পুরোপুরি পাচ্ছেন না।

ঠিকাদার পলব বলেন, আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। সরকারি নিয়ম অনুযায়ী স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ চাই। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর ইতিমধ্যে নতুন ঠিকাদার নিয়োগের নির্দেশনা দিয়েছে। কিন্তু মাঠপর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। দীর্ঘদিন দরপত্র বন্ধ থাকায় অনেক ঠিকাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে শ্রমিকেরাও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।

ঠিকাদার আশিক ইকবাল বলেন, বর্তমানে বাজারদরের তুলনায় শ্রমিকদের মজুরি অপ্রতুল। দীর্ঘদিন একই ব্যবস্থায় কাজ চলায় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয় সে অনুপাতে বাড়েনি। অন্যদিকে নতুন দরপত্র আহ্বান না করায় অনেক ঠিকাদার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

সমিতির নেতাদের দাবি, ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন ঠিকাদার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা প্রভাব বিস্তারের সুযোগ না রেখে যোগ্যতা ও সরকারি বিধিবিধান অনুযায়ী ঠিকাদার নির্বাচন নিশ্চিত করতে হবে।

যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম বলেন, মাস্টার রোল পদ্ধতি চালু করলে ঠিকাদারদের যে আর্থিক সহায়তা প্রয়োজন, তা কোনো সরকারি কর্মকর্তা দিতে পারেন না। আবার কোনো সরকারি কর্মকর্তা ঠিকাদারও হতে পারেন না। তাহলে মাস্টার রোল পদ্ধতিতে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কর্মকর্তাদের অর্থের উৎস কী? তাঁরা তো বেতনভুক্ত কর্মচারী। এই অর্থ কোথা থেকে আসছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। নিশ্চয়ই কোথাও গলদ রয়েছে। যেসব জায়গায় এ পদ্ধতি চালু আছে, সেখানে শ্রমিকেরা তাঁদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না।

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হক বলেন, ৩১ ডিসেম্বর পরিবহন ঠিকাদারদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে দরপত্র আহ্বান করতে কিছুটা সময় লাগবে। তিনি আরও বলেন, মাস্টার রোল পদ্ধতিতে গেলে সরকারের লাভ। এ ছাড়া ইজিপির মাধ্যমে নতুন করে দরপত্র আহ্বানের নির্দেশনা রয়েছে। এখনো সময় আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া বলেন, সর্বশেষ ২০১১ সালে দরপত্র আহ্বান করা হয়েছিল। এরপর আর দরপত্র হয়নি। মাস্টার রোলে যারা কর্মরত আছেন, তাদের এলএসডির মাধ্যমে ঠিকাদারেরা নিয়ন্ত্রণ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ বলেন, সরকারি খাদ্যগুদামগুলোতে শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ দুই থেকে তিন বছর ধরে বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়ক পরিবহন ঠিকাদারের মেয়াদও চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। খুব শিগগির সরকারি নির্দেশনা অনুযায়ী ঠিকাদার নিয়োগের কার্যক্রম শুরু হবে। এ সময় মাস্টার রোলের কর্মীদের দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়েছে।

নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম বলেন, শ্রম ও হ্যান্ডলিং এবং সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগ প্রায় সারা দেশেই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আগের কিছু ঠিকাদারের মেয়াদ বাড়িয়ে কাজ চালানো হচ্ছে। শ্রমিকদের কাজ বর্তমানে মাস্টার রোলে দৈনিক হাজিরার ভিত্তিতে চলছে।

তিনি আরও বলেন, ঠিকাদার নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বর্তমান সরকার এ কার্যক্রম ইজিপির আওতায় আনার কাজ করছে। তবে মাঠপর্যায়ে ইজিপি আইডি তৈরি ও পাসওয়ার্ড পাওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট