রাজশাহী বিভাগে ৮০ শতাংশ সার ডিলার বিএনপি-সংশ্লিষ্ট
• সার ডিলার নিয়োগে রাজশাহীতেও দলীয় অধিপাত্য, তালিকায় নেতা-স্বজনরা
• রাজশাহী বিভাগে সার ডিলারশিপে দলীয় অনুসারীদের জয়জয়কার

কৃষি ও কৃষকের নাড়িধরা উত্তরের জনপদ রাজশাহী বিভাগে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির চিত্র উঠে এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকি এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিলার নিয়োগের ক্ষেত্রে নীতিমালার তোয়াক্কা না করে দলীয় আনুগত্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিভাগের আট জেলার প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, মোট ডিলারের প্রায় ৮০ শতাংশ পদেই নিয়োগ পেয়েছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নথি অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় সর্বমোট ৪৩২ জন ডিলারের মধ্যে প্রাপ্ত তথ্যে ৩৭০ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত করা গেছে। এর মধ্যে এককভাবে বিএনপির পদধারী নেতাকর্মী, তাদের স্ত্রী ও নিকটাত্মীয়রা ২৯৭টি ডিলারশিপ পেয়েছেন, যা মোট নিয়োগের প্রায় ৮০ দশমিক ৩০ শতাংশ।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জয়পুরহাটে ডিলারশিপ পাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি-সংশ্লিষ্ট ৯১ দশমিক ৪২ শতাংশ, নাটোরে ৮৯ দশমিক ২৮ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৮১ দশমিক ২৫ শতাংশ, বগুড়ায় শতভাগ (১৩ জনের ১৩ জন), সিরাজগঞ্জে শতভাগ (৩১ জনের ৩১ জন), পাবনায় ৬৪ দশমিক ৯৩ শতাংশ এবং রাজশাহী জেলায় ৫৯ দশমিক ৪২ শতাংশ।
এর বাইরে আওয়ামী লীগের ১২ জন এবং জামায়াতে ইসলামীর মাত্র দুজন ডিলার নিয়োগ পেয়েছেন।
রাজশাহী জেলা
চারঘাট উপজেলায় যুবদলের আহ্বায়ক বুলবুল হোসেনের স্ত্রী জিনিয়া পারভিন (আলিফ ট্রেডার্স) ও ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেনের স্ত্রী ইসরাত জাহান (অথৈয় অ্যান্ড আরিয়া ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া তানোর পৌর যুবদলের আহ্বায়ক এমদাদুল হক মণ্ডল (মণ্ডল এন্টারপ্রাইজ) ও যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন (রাদিয়া এগ্রো) এবং পবা উপজেলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ওয়াসিফ (ইপ্তি এন্টারপ্রাইজ) ডিলারশিপ পেয়েছেন।
পাবনা জেলা
পাবনা সদর উপজেলায় জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ (হোসনে আরা কৃষি বিতান), আটঘরিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রী ও ছেলে তাইজুল ইসলাম (চিত্রা ট্রেডার্স), ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. হেকমত উল্লাহ (তালহা এন্টারপ্রাইজ) এবং চাটমোহরে জেলা কৃষকদল নেতা আমিজুল ইসলাম (নির্ভর এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন।
নাটোর জেলা
নাটোর সদরে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের ছেলে ও ছাত্রদল নেতা রাকিব নেওয়াজ (রুশদা ট্রেডার্স), নলডাঙ্গায় জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের ভাই জাহিদ হাসান অনিক (তালুকদার এন্টারপ্রাইজ), গুরুদাসপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম (সরকার ট্রেডার্স) এবং সিংড়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রী এলীনা তাহসিন (বিপ্লবী এন্টারপ্রাইজ) ডিলারশিপ পেয়েছেন।
নওগাঁ জেলা
বদলগাছীতে ইউনিয়ন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন (মা ট্রেডার্স), রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল (সানি ট্রেডার্স), মান্দায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বিদ্যুৎ ট্রেডার্স) এবং পত্নীতলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ডিলার হয়েছেন।
বগুড়া জেলা
শিবগঞ্জ উপজেলায় যুবদল নেতা রাসেল আহমেদ সবুজের স্ত্রী রূপালী আক্তার (ফারাবি ফায়াজ ট্রেডার্স), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হুদা (আকন্দ ট্রেডার্স) এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের চাচাতো ভাই মো. ইয়াসিন আরাফাত ডিলারশিপ পেয়েছেন।
সিরাজগঞ্জ জেলা
শাহজাদপুর উপজেলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান আলী (রায়হান ট্রেডার্স), উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের ভাই ও মৎস্যজীবী দল নেতা আলাল হোসেন জিন্নাহ (জান্নাত ট্রেডার্স), তাড়াশে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ছেলে খন্দকার শাফি জাহাঙ্গীর এবং রায়গঞ্জে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এ জেডএম ওবায়দুল্লাহ খান প্যারিস ডিলার হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা
সদর উপজেলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদমান সাকিব ও গোলাপ নবী, শিবগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক (আরহাম এন্টারপ্রাইজ) এবং ভোলাহাটে উপজেলা বিএনপির সভাপতির বড় ভাই মোহা. ইয়াহিয়া আলিম আল রাজী (ইয়াহিয়া ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন।
জয়পুরহাট জেলা
জয়পুরহাট সদরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুক মেজবা আলিফ (আলিফ বিল্ডার্স), পাঁচবিবি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম (রায়ান ট্রেডার্স) ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (শিফাত ট্রেডার্স) এবং কালাইয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরীর ছেলে রবিউল আউয়াল (চৌধুরী এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন।

