যমুনা সেতুর ওপরেই প্রাণ গেল লোকটির

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী লেনে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭-৮ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ মহাসড়কে ঝাউল ওভারব্রিজ পর্যন্ত প্রায় ৭-৮ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকার দিকে যাওয়ার পথে একটি বাসের পেছনে অপর একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ৭-৮ জন আহত হন। দুর্ঘটনার পর সেতুর ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রেকার দিয়ে যানবাহনগুলো উদ্ধার করার কাজ করছে সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এক বাসের পেছনে আরেক বাস ধাক্কা দিয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণে সেতুর ওপর যান চলাচল বন্ধ থাকায় সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ অংশের মহাসড়কে ঝাউল ওভারব্রিজ পর্যন্ত প্রায় ৭-৮ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কিছু যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
