বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুলগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি ডোবা থেকে পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্প পরিচালনা করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তার ডোবার পানিতে পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে এগিয়ে আসে ছেলে রাশেদ। কিন্তু সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইকতার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
