logo

স্বামীকে বাঁচানোর চেষ্টা স্ত্রীর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

স্বামীকে বাঁচানোর চেষ্টা স্ত্রীর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন বেলঘড়িয়া গ্রামের আনোয়ার হোসেন ও তার স্ত্রী রমিছা খাতুন। দম্পতির একমাত্র কন্যা নাটোরে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি জরাজীর্ণ বৈদ্যুতিক তার থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আনোয়ার হোসেন বাড়িতে প্রবেশের সময় রান্নাঘরের পাশে রাখা একটি সাইকেল ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে প্রতিবেশী পুটু মিয়া তাদের বাড়িতে গিয়ে দুজনকে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি শফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।