logo

বোরহানউদ্দিনে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

বোরহানউদ্দিনে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু
বোরহানউদ্দিন থানা। ছবি: এশিয়া পোস্ট

ভোলার বোরহানউদ্দিনে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই বাড়ির মো. শাহিনের মেয়ে মোসা. মাহা (৬) এবং আবদুল গনির মেয়ে মোসা. তানহা (৬)। সম্পর্কে তারা আপন ফুফু ও ভাতিজি।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাহা ও তানহা বাড়ির পুকুরঘাটে একসঙ্গে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাহার লাশ পুকুরে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পানিতে নেমে তল্লাশি চালিয়ে পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় তানহাকেও উদ্ধার করেন।

দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, গোসল করার সময় ঘাটের সিঁড়ি থেকে পা পিছলে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।