ফরিদপুরে মসজিদে নামাজ পড়া নিয়ে দুই ঘণ্টার সংঘর্ষ, আহত ২০
-781ab0-720x405.webp)
ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের সময় উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দার মাতুব্বর গ্রুপের ওবায়দুর মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে শেখ গ্রুপের ইকবাল শেখের পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তিদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরেই সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ জানান, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

