logo
Advertisement

ট্রেনে যাত্রীকে জুস পান করিয়ে অচেতন, অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সৈয়দপুর, নীলফামারী
ট্রেনে যাত্রীকে জুস পান করিয়ে অচেতন, অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার ফুল মিয়া। ছবি : এশিয়া পোস্ট

সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় ফুল মিয়া (৫৬) নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

পুলিশ জানায়, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন অতিক্রম করার পর যাত্রী হাজী মফিজুর রহমান অচেতন হয়ে পড়েন। তিনি ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনে ছিলেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ তার পাশের যাত্রী ফুল মিয়াকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অচেতন হওয়া যাত্রী হাজী মফিজুর রহমানের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাফেলা গ্রামে। তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে পুলিশ।

রেলওয়ে পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ৩০ আগস্ট একই ট্রেনে দুই নারী যাত্রীকে জুস পান করিয়ে অচেতন করার অভিযোগে ফুল মিয়াকে আটক করা হয়েছিল। ওই সময় দুই নারীর কানের দুল ও নাকফুল খুলে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে পাশের এক যাত্রী বিষয়টি বুঝতে পেরে ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন। তার কাছে থাকা জুস পরীক্ষা করার জন্য তাকেই ওই জুস পান করানো হলে তিনিও অচেতন হয়ে পড়েন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বলেন, ওই যাত্রীর সঙ্গে ফুল মিয়ার আলাপচারিতার একপর্যায়ে তাকে জুস পান করানো হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানার এএসআই মিজানুর রহমান বাদী হয়ে ফুল মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ফুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।