কক্সবাজারে ৯০ হাজার পিস ইয়াবাসহ আটত ৩

কক্সবাজার সদর উপজেলায় ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল।
আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন মেহেদী, তার স্ত্রী সাদিয়া ফারহানা ও হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার জাফরুল ইসলামের ছেলে সায়মুন সরোয়ার। তারা কক্সবাজার সদর উপজেলার হাজীপাড়া এলাকায় বসবাস করতেন।
ডিএনসি কর্মকর্তা সোমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় আশিক মোমেন মেহেদীর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তার বাসায় তল্লাশি করে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় মোমেন, সাদিয়া ও তাদের সহযোগী সায়মুন সরোয়ারকে আটক করা হয়।
সোমেন মণ্ডল আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা কক্সবাজার থেকে ইয়াবা পাচারের উদ্দেশে ওই বাড়িতে অবস্থান করছিলেন। উদ্ধার ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা হয়েছে।


