logo
Advertisement

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যু
আগুন লাগা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন। সোমবার তোলা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড ঘটে।

মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের কুলসুমা, ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান, একই উপজেলার রমজান, জাহানারা এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার বসী গ্রামের হাজেরা বেগম।

ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের নতুন ভবনের আট তলায় লিফট কন্ট্রোল রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই রুম অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল। এরপর আগুন ছড়িয়ে পড়ে এবং প্রচন্ড ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টা আগুন ও ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুন ও ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমে কথা বলেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম। তারা তখন জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে।

সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, শত-শত রোগী হাসপাতাল চত্বরে অবস্থান করছেন। এর মধ্যে অনেক গুরুতর রোগী রয়েছেন। কারও হাত ভাঙা, আবার কারও মাথায় ব্যান্ডেজ। আতঙ্কে অনেক রোগী কান্নাকাটি করছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জীবন বাঁচাতে সিড়ি বেয়ে নিচে নামতে চেষ্টা করেন। মাত্র একটি সিঁড়ি দিয়ে নামার সুযোগ থাকায় সবাই ভীড়ের মধ্যে নামতে চেষ্টা করেন। এ সময় আহত হয়ে শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।