logo

পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
পুলিশের আটককৃত আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ। ছবি: ফেসবুক প্রফাইল থেকে নেওয়া। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের জৈন্তাপুরে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আটককৃত জাকারিয়া মাহমুদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের ‘স্বাদ মিষ্টি বিপণি’র সামনে থেকে তাকে আটক করা হয়েছিল। তবে থানায় নিয়ে যাওয়ার পথে ‘করিছের ব্রিজ’ এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয় স্থানীয় কিছু ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া মাহমুদকে আটক করার পর জৈন্তাপুর মডেল থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই (পিকআপ) গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিপথ রোধ করা হয়। এসময় আকস্মিকভাবে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে গাড়ি ভাঙচুর করে এবং হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আল আমীন এশিয়া পোস্টকে জানান, বিষয়টি অবিলম্বেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।