২৯ মামলার আসামি সনেট নারায়ণগঞ্জে গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

নরসিংদীতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।
এর আগে, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের পাঁচরুখী ও নরসিংদীর শালিধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ার বাদল মোল্লার ছেলে শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা (৩৮) এবং তার সহযোগী ও শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রাকিব মিয়া (২৮)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর থানা পুলিশ নারায়ণগঞ্জের পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সনেটকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্য অনুযায়ী, নরসিংদী শহরের শালিধা মহল্লায় মানিক মিয়ার বাড়ির পেছনের ফাঁকা জায়গা থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য তিনি এসব অস্ত্র ও গুলি মজুত করেছিলেন। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী ও ১১ মামলার আসামি রাকিব মিয়াকেও গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লার বিরুদ্ধে এর আগে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ নরসিংদী ও অন্যান্য জেলায় মোট ২৯টি মামলা রয়েছে।
