গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে পালাল দুর্বৃত্তরা

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে (২৩) বাড়ির বাইরে থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তার হাত-পা বেঁধে চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে একটি জমির আইলে ফেলে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২১ সেপ্টেম্বর রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের একটি গ্রামের নিজ শয়নকক্ষ থেকে টয়লেট করতে বাইরে বের হন ওই নারী। টয়লেট থেকে বের হওয়ার পর মুখোশ পরা পাঁচ ব্যক্তি তার মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে নিয়ে যায়।
পরে স্বজনের কৃষিজমির পাশের একটি ড্রেনে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করা হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, প্রায় এক ঘণ্টা পর ওই ব্যক্তিরা কাপড় ও ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে যায়। যাওয়ার সময় তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়।
চিৎকার শুনে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্বজনেরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। তার হাত-পায়ের বাঁধন খুলে পানি দিয়ে শরীর পরিষ্কার করার পর তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভুক্তভোগী জানান, অভিযুক্তদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর। তারা স্থানীয় ভাষায় কথা বলছিলেন।
সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ এশিয়া পোস্টকে বলেন, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
