logo

খাদ্যে ভেজাল রোধে আইন আরও কঠোর ও যুগোপযোগী করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যে ভেজাল রোধে আইন আরও কঠোর ও যুগোপযোগী করা হবে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: এশিয়া পোস্ট

‘খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে বিদ্যমান শাস্তি যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়, সে জন্য আইন আরও কঠোর ও যুগোপযোগী করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

Advertisement

খাদ্যে ভেজাল প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, এর যথাযথ প্রয়োগও নিশ্চিত করতে হবে বলে মনে করেন খাদ্যমন্ত্রী। এ ক্ষেত্রে আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে আফরোজা খানম বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। গতানুগতিক দায়িত্ব পালনের বাইরে প্রতিটি দপ্তরকে নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে আরও আন্তরিক ও সক্রিয় হতে হবে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মানিকগঞ্জের বিসিক শিল্পনগরীতে অব্যবহৃত কারখানা ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোর অবস্থা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা ও সেলফি তুলতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপরও গুরুত্ব দেন আফরোজা খানম। তিনি বলেন, সামান্য সমস্যার কারণে কোনো প্রকল্প দীর্ঘদিন আটকে রাখা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।

জেলা প্রশাসক নাজমুনারা সুলতানার সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শিশু পার্ক’ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।