logo

মোটরসাইকেলে দ্রুতগতির বাসের ধাক্কা, প্রাণ গেল কালীগঞ্জ পৌরসভাকর্মীর

মোটরসাইকেলে দ্রুতগতির বাসের ধাক্কা, প্রাণ গেল কালীগঞ্জ পৌরসভাকর্মীর
মোটরসাইকেলে ধাক্কা দেওয়া বাস। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রুপসা পরিবহনের একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কালীগঞ্জ পৌরসভার কর্মী আব্দুস সামাদ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক।

স্থানীয়রা জানান, আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে শহরের দিক থেকে যাচ্ছিলেন। কুষ্টিয়াগামী দ্রুতগতির রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আব্দুস সামাদকে মৃত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় আহত আরেক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছেন, আহত ব্যক্তি আশঙ্কামুক্ত।