কিশোরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কিশোরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতার নাম জজ মিয়া (৫৫)। তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, জজ মিয়ার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে শিশুটি লাকড়ি শুকাতে যায়। এ সময় জজ মিয়া শিশুটির মুখে গামছা পেঁচিয়ে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং জজ মিয়াকে আটক করে শিশুটির বাড়িতে নিয়ে যান। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিসের মাধ্যমে বিষয়টি ৫০ হাজার টাকায় মীমাংসার প্রস্তাব দেন এবং একপর্যায়ে জজ মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান।
পরবর্তীকালে শিশুটির বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে জজ মিয়া পলাতক। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, আসামি জজ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



