logo

নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেনাসদস্য তিতাস

নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেনাসদস্য তিতাস
লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে সেনাসদস্য মো. তিতাস শেখের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখকে শেষবিদায় জানিয়েছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নানির কবরের পাশে তাকে দাফন করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি (মডেল স্কুল) মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে তিতাসের মরদেহ নামানোর পর তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ। ছবি : আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ। ছবি : আইএসপিআর

পরে মরদেহটি উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের পর সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে নানির কবরের পাশে তাকে দাফন করা হয়।

তিতাসের অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে মাতম চলছে। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। তার মৃত্যুতে নগরকান্দার লস্করদিয়া এলাকাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : এশিয়া পোস্ট
সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : এশিয়া পোস্ট

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে।

পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট