Advertisement

কিশোরগঞ্জে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ল ট্রাক, কনস্টেবল নিহত

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ল ট্রাক, কনস্টেবল নিহত
পারভেজ মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দিবারাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার ডাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত কনস্টেবল পারভেজ মিয়া (৩০) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারে রওনা হয়। পথে ডাঁড়িয়াকান্দি এলাকায় পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম দেখে চালক সড়কের পাশে গাড়ি থামিয়ে হাওয়া দিচ্ছিলেন।

এ সময় পেছন থেকে আসা ধানের তুষ বোঝাই একটি ট্রাক একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপের ওপর উল্টে পড়লে ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় জনতা ও পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ট্রাকের নিচে চাপা পড়া পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাঁড়িয়াকান্দি এলাকায় পিকআপের চাকায় হাওয়া দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।