Advertisement

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক
জব্দ করা শালপাতা মাছ। ছবি : এশিয়া পোস্ট

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় ট্রলার তল্লাশি করে শিকার নিষিদ্ধ ৯টি বড় আকারের শাপলাপাতা মাছ, দুই মণ বিভিন্ন প্রজাতির মাছ, প্রায় ২ হাজার বড়শি ও জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

Advertisement

বুধবার (১২ আগস্ট) দুপুরে সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ভাঙা-নীলবাড়ীয়া খালে এ অভিযান চালানো হয়।

আটক জেলেরা হলেন—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মোবিল্লাল (৩০), মোজাফর হাওলাদার (২৮), দুলাল (৩৫), বশির (২৮), আসাদ (২৫) ও ইব্রাহিম (৩৮)।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ‘শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিম’-এর বনরক্ষীরা সুন্দরবনের নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় ভাঙা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিং ট্রলার দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে যান। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে সাময়িক নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ওই ছয় জেলেকে আটক করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে সব ধরনের মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে আটক জেলেরা খালে মাছ ধরছিলেন এবং সুনির্দিষ্টভাবে শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরেছিলেন। এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। আটক জেলেদের বৃহস্পতিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয় :