logo
Advertisement

বঙ্গোপসাগরে জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

এশিয়া পোস্ট নিউজ,পটুয়াখালী
বঙ্গোপসাগরে জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’
সামুদ্রিক মাছ স্লেন্ডার সানফিশ। ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’। চ্যাপ্টা ও ভিন্ন অদ্ভুত আকৃতির ২ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসার পর স্থানীয় জেলে, আড়তদার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সকালে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে জেলেদের জালে মাছটি উঠে আসে।

পরে সেটি বিক্রির উদ্দেশ্যে মহিপুর মৎস্য বন্দরের শাহীন এন্টারপ্রাইজের আড়তে নিয়ে আসা হয়। তবে এটি খাদ্যোপযোগী কি না কিংবা বিষাক্ত হওয়ার আশঙ্কায় কোনো ব্যবসায়ী এটি কিনতে রাজি হননি।

সামুদ্রিক গবেষকদের মতে, প্রজাতিটির বৈজ্ঞানিক নাম Ranzania laevis। সাধারণ মানুষের কাছে কম পরিচিত হওয়ায় স্থানীয় জেলেদের কাছেও মাছটি অচেনা ছিল। দীর্ঘদিনের অভিজ্ঞ জেলেরা জানান, এ ধরনের গড়ন ও শারীরিক গঠনের মাছ তারা সাগরে আগে কখনও দেখেননি।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, বাহ্যিক বৈশিষ্ট্য বিশ্লেষণে এটি নিশ্চিতভাবেই ‘স্লেন্ডার সানফিশ’। এটি কোনো বাণিজ্যিক মাছ নয়, মূলত উন্মুক্ত মহাসাগরের প্রজাতি। অনাকাঙ্ক্ষিতভাবে অন্য মাছের সঙ্গে বাইক্যাচ (Bycatch) হিসেবে জালে উঠে এসেছে। এ ধরনের ঘটনা বঙ্গোপসাগরের সুসমৃদ্ধ জীববৈচিত্র্যের সুসংকেত দেয়। এগুলোর অবস্থান ও আকার নথিভুক্ত করা ভবিষ্যৎ পরিবেশগত গবেষণার জন্য জরুরি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে নানা বৈচিত্র্যময় প্রাণীর বসবাস। জেলেদের জালে এ জাতীয় বিরল কোনো প্রজাতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে মৎস্য বিভাগকে জানানোর পরামর্শ দেন তিনি, যাতে প্রজাতি শনাক্ত ও ডেটা সংরক্ষণ সহজ হয়।