logo

খুলনা জেলা জজ আদালতে ককটেল বিস্ফোরণ

খুলনা জেলা জজ আদালতে ককটেল বিস্ফোরণ
খুলনা জেলা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: এশিয়া পোস্ট

খুলনা জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার পর কয়েক মিনিটের ব্যবধানে এ দুটি স্থাপনার পাশে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেলটি ছুড়ে দ্রুত পালিয়ে যান।

আদালতের নিরাপত্তাকর্মী এস এম মুরাদ আহমেদ জানান, ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে আদালতের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়ে দেন।

এর কয়েক মিনিটের ব্যবধানে আদালতের পাশের সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণ ঘটে। মাঠের মাঝামাঝি ও সার্কিট হাউসের সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকায় বিকট শব্দে বিস্ফোরণটি হয়। শব্দ শুনে আশপাশের টাউন ক্লাব ও চায়ের দোকানে থাকা লোকজন ছুটে আসেন। এ সময় কয়েকজনকে সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করতেও দেখা যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, তারা চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে টায়ার ফেটেছে বলে মনে করেছিলেন। পরে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। এ সময় টাউন ক্লাবের ভেতর থেকেও লোকজন বাইরে বেরিয়ে আসেন।

ঘটনার পর সার্কিট হাউস এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন। তবে বিস্ফোরণে ঠিক কী ধরনের বস্তু ব্যবহৃত হয়েছে এবং কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ ইস্তিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে তারা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খুলনা জজকোর্ট ও সার্কিট হাউস এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা এসব ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে গত ১৫ নভেম্বর দিবাগত রাতে খুলনা নগর ভবনেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। মাত্র তিন দিনের ব্যবধানে নগরের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।