Advertisement

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
সদরপুর থানা। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে রডের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব শেখ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ একই উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সিএনবি ঘাট এলাকার শাহজাহান শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিখোলার পাশের ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের সামনের একটি বিদ্যুতের খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় খোলা ও ঝুলন্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর কাজ করছিলেন সজিব। একপর্যায়ে তার হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্পর্শে আসে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব ছাদে ছিটকে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বা পাশে থাকায় রুবেল শেখও বিদ্যুতের শকে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় :