logo

ফেনীতে দুই কলেজে ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ

ফেনীতে দুই কলেজে ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ
বিকন মডেল কলেজ মাঠ। ছবি : এশিয়া পোস্ট

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেনী জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে একটি কলেজ থেকে সাতজন এবং অন্যটি থেকে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামের বিকন মডেল কলেজ এবং লস্করহাট এলাকার বেগম সামসুন নাহার স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠান দুটির এমন ফলাফল নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিকন মডেল কলেজ থেকে সাতজন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে তিনজন, মানবিক বিভাগে তিনজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে একজন ছিল। তবে তাদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

অন্যদিকে, বেগম সামসুন নাহার স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি।

এ বিষয়ে বিকন মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাসুম বিল্লাহ এশিয়া পোস্টকে বলেন, এ বছর আমাদের যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তারা সবাই অনিয়মিত পরীক্ষার্থী ছিল। আগামী বছর থেকে আশানুরূপ ফলাফল করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

বেগম সামসুন নাহার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমরানুল হক এশিয়া পোস্টকে বলেন, এবার ইংরেজি বিষয়ে আমাদের শিক্ষার্থীরা দুর্বল ছিল। মাঝখানে আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন না। এ ছাড়া একজন শিক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমরা নানা পদক্ষেপ নেব।

এ বিষয়ে ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এশিয়া পোস্টকে বলেন, ফেনী জেলায় দুটি কলেজে পাসের হার শূন্য। এ বিষয়ে সরকারি বিধিবিধান ও নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট