logo

চুরির অপবাদ দিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, নোয়াখালী থেকে আসামি গ্রেপ্তার

চুরির অপবাদ দিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, নোয়াখালী থেকে আসামি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামি। ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে চুরির অপবাধ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মো. ইউনুস (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে নোয়াখালী থেকে মো. সাহাবুদ্দিন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২২ মে) র‍্যাব-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নোয়াখালীর মাইজদি বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে তাকে র‍্যাব-১০ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা তাপস বলেন, গত ১৫ মে চকবাজারের দেবিদাসঘাট এলাকায় গ্রেপ্তার হওয়া সাহাবুদ্দিন ও তার সহযোগীরা একটি প্লাস্টিক ওয়েস্টেজের দোকানের মালামাল চুরির অপবাদ দিয়ে ইউনুসকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এতে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউনুস।

তিনি বলেন, এ ঘটনায় ইউনুসের মা বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে হত্যা মামলার এজারভুক্ত আসামি সাহাবুদ্দিনকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাহাবুদ্দিন হলেন নোয়াখালীর সাধুরাম থানার বিষনুকা গ্রামের মৃত শফিকুল ইসলাম ফরাজীর ছেলে। তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।