কেরানীগঞ্জের অটোচালকের মরদেহ মিলল আশুলিয়ায়

ঢাকার আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের পাশ থেকে মো. সুজন হাওলাদার (২৯) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. সুজন হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামের আমির হাওলাদারের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা টিম আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক ও আশুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই জানান, যাত্রীবেশে দুর্বৃত্তরা তার অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে সুজনকে হত্যা করা হয়। মরদেহ এক্সপ্রেসওয়ের পিলারের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
.png)


