logo
Advertisement

ঘেরে কিশোর গ্যাংয়ের গোপন অস্ত্রভান্ডার

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
ঘেরে কিশোর গ্যাংয়ের গোপন অস্ত্রভান্ডার
অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘেরের মালিক সৈকত পালিয়ে গেছেন। গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে এ অভিযান চালানো হয়।

Advertisement

আটক ব্যক্তিরা হলেন—বরিশাল নগরীর কাউনিয়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মেহেদী হাসান এবং ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে মো. আব্দুর রহমান।

পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি ধারালো ছোরা, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়ালসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক দুজন দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব অস্ত্র কারা ব্যবহার করত এবং এর পেছনে কোনো বড় চক্র জড়িয়ে আছে কি না—তা জানতে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

একটি ঘেরে রামদা, ডেগার ও চাইনিজ কুড়ালের মতো প্রাণঘাতী অস্ত্র মজুতের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ নাথ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই তরুণকে অস্ত্রসহ আটক করা গেলেও মূলহোতা সৈকত পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ওসি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোনো বড় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না এবং এর পেছনে কার কার ইন্ধন রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।