logo
Advertisement

সংসদে হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

এশিয়া পোস্ট নিউজ,ব্রাহ্মণবাড়িয়া
সংসদে হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া
জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য ঘিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত আবদুল্লাহ ও এনসিপিকে বয়কট করার ঘোষণা দিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রতি মাসে গড়ে হত্যাকাণ্ড হয়েছে ২৬০টি আর বর্তমান সরকারের সময় হত্যা হয়েছে ৩১১টি। সে সময় ৬ মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮০ জন আর বর্তমান সরকারের সময় ৬ মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮৯ জন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।

যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়া একটি কালচারাল জেলা সেখানে গান-বাজনা, সিনেমা বন্ধের মতোই।

হাসনাত আরও বলেন, এই ৬ মাস বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পেরেছেন কি না বা তিনি এই ৬ মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পেরেছেন কি না বা এই ৬ মাসে ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন কি না।

তার এই বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন। এ সময় ‘বয়কট বয়কট হাসানাত হাসানাত’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া।

শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদ্রাসাশিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এখন পরিবেশ শান্ত আছে। যেহেতু বিকেলে এনসিপির রাজনৈতিক সভা রয়েছে সেক্ষেত্রে পুলিশ মোতায়েন থাকবে।