ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১১ ভরি স্বর্ণালংকার লুটের খবর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে ১১ ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে প্রবাসী খোরশেদুল আলমের ঘরে ঘটনা ঘটে বলে জানা যায়।
পরিবারের সদস্য জুবাইদুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একদল লোক হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে। পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ঘরে তল্লাশি চালায়। তারা সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির ঘরে রাখা আড়াই লাখ টাকা, তিনটি ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
তিনি বলেন, ডাকাতরা দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। পরে বাড়ির পাশে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ও মুখ ঢাকার গামছা পাওয়া যায়।
গৃহকর্তা প্রবাসী খোরশেদুল আলম বলেন, ডাকাতরা ঘরে ঢুকে আমার স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। আমি বাধা দিলে আমাকেও মারধর করে। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


