টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে আগুন, ক্ষতিগ্রস্ত সামনের অংশ

টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বারান্দাসহ ভবনের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মূল ভবন অক্ষত রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা ব্যাংকটির বারান্দায় আগুন দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের কোনো একসময় ব্যাংকের লাউহাটী শাখার তালাবদ্ধ বারান্দায় আগুন দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ শুনে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন তিনি। পরে নিরাপত্তাপ্রহীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। এতে ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে থাকতে পারে। ভবনের ভেতরে থাকা লোকজন দ্রুত বিষয়টি টের পাওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-6f0a08.jpg)




