বাগেরহাট/নদী থেকে উঠে গাভিকে টেনে নেওয়ার চেষ্টা কুমিরের

বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদসংলগ্ন চরে কুমিরের হামলায় একটি গাভি গুরুতর আহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে কুমিরটি গাভিটিকে ছেড়ে দিয়ে নদীতে ফিরে যায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বগী গ্রামের বলেশ্বর নদসংলগ্ন চরে এ ঘটনা ঘটে।
গাভির মালিক পুতুল বেগম জানান, তার চারটি গরু বলেশ্বর নদের চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। দুপুর ১টার দিকে হঠাৎ নদী থেকে একটি কুমির উঠে এসে একটি গাভির পেছনের অংশে কামড়ে ধরে। এরপর কুমিরটি গাভিটিকে টেনে নদীর দিকে নিয়ে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে কুমিরটি গাভিটিকে ছেড়ে নদীতে চলে যায়।
প্রত্যক্ষদর্শী সুজন বলেন, দুপুরে আমরা কয়েকজন নদীর পাড়ে বসেছিলাম। এ সময় দেখতে পাই একটি কুমির গাভিটিকে টেনে নদীর দিকে নিয়ে যাচ্ছে। পরে সবাই মিলে লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে সেটি গাভিটিকে ছেড়ে নদীতে চলে যায়। এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, কুমিরের আক্রমণে গাভিটির পেছনের অংশ মারাত্মকভাবে জখম হয়েছে। খবর পেয়ে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে গাভিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, কুমিরের কামড়ে গাভিটি গুরুতর জখম হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুমিরটির গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সাবধানে ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
