logo

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন। এ ছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

Advertisement

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গোপনে চলে গেলেও তিনি প্রকাশ্যে ছিলেন এবং আইন পেশায় নিয়মিত কাজ করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় তিনি আলোচনায় আসেন। তার নির্বাচনে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করেছেন তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওমর ফারুকের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করিয়ে এলাকায় সহিংস তৎপরতায় তিনি অর্থের জোগান দিয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা হিসেবেও তার সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যদের তালিকায়ও ওমর ফারুক রুমীর নাম রয়েছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের কপিতে দেখা যায়, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ওমর ফারুক রুমীকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের হওয়া ওই এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, তিনি ঢাকায় গ্রেপ্তার হয়েছেন বলে জেনেছি। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।