logo

৩৩০ কোটি টাকায় চাঁদপুরে হবে তিন সেতু

৩৩০ কোটি টাকায় চাঁদপুরে হবে তিন সেতু
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। প্রায় ৩৩০ কোটি টাকা ব্যয়ে জেলার গুরুত্বপূর্ণ তিনটি সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এসব সেতু নির্মিত হলে চাঁদপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি ঢাকার সঙ্গে যাতায়াতের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমবে।

Advertisement

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বুধবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। এ জন্য তিনি চাঁদপুর সদর ও হাইমচরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুমোদিত প্রকল্পের আওতায় চাঁদপুর সদর-মতলব উত্তর সংযোগ সেতু, চরমেয়াশা সংযোগ সেতু এবং ডাকাতিয়া খালের ওপর প্রস্তাবিত বাইপাস সেতু নির্মাণ করা হবে।

প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে চাঁদপুর সদর-মতলব উত্তর সংযোগ সেতু। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৮০০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করা হবে। সেতুটি বাস্তবায়িত হলে চাঁদপুর সদরের সঙ্গে মতলব উত্তর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। একই সঙ্গে চাঁদপুর থেকে সড়কপথে ঢাকায় যাতায়াতের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসবে।

দ্বিতীয় প্রকল্পের আওতায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ২০০ মিটার দীর্ঘ চরমেয়াশা সংযোগ সেতু। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের জনবিচ্ছিন্ন চরমেয়াশা গ্রামের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনই এ প্রকল্পের মূল লক্ষ্য। সেতুটি নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন ওই গ্রামের বাসিন্দারা। শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ ছাড়া চাঁদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কালীবাড়ি থেকে তালতলা পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়কের ডাকাতিয়া খালের ওপর নির্মাণ করা হবে ১০০ মিটার দীর্ঘ সেতু। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, এ বাইপাস সড়কের প্রায় দুই কিলোমিটার অংশের কাজ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাকি অবকাঠামোর সঙ্গে সেতুটি নির্মিত হলে শহরের অভ্যন্তরীণ যানবাহনের চাপ কমানোর পাশাপাশি বিকল্প সড়ক যোগাযোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।