নাটোরে নিজ চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে নিজ চেম্বারে ঢুকে আনারুল ইসলাম (৫৫) নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দাশমাড়িয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি গত ৩০-৩৫ বছর ধরে নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে চেম্বার খুলে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখা শেষে বুধবার সন্ধ্যায় বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন চিকিৎসক আনারুল ইসলাম। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত চেম্বারে ঢুকে তাকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে বুক, পিঠ ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. মইনুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহতের বুক, পিঠ ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক মারাত্মক ক্ষতচিহ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, আনারুল ইসলাম অত্যন্ত সহৃদয় ও সামাজিক মানুষ ছিলেন। ব্যস্ত বাজারে এমন হত্যাকাণ্ডে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পূর্বশত্রুতা কিংবা ব্যক্তিগত কোনো বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



