logo

প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রীকে মারধর, অভিযুক্ত পলাতক

প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রীকে মারধর, অভিযুক্ত পলাতক
মারধরের শিকার শিক্ষার্থীকে স্বজনেরা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোসা. রাইসা ইসলাম (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছারছিনা খানকা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত রাইসা গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমিনুর ইসলামের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার মো. সেলিম খানের ছেলে ইছা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে কিল-ঘুষি ও মাথায় আঘাত করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

রাইসা ও তার পরিবারের দাবি, অভিযুক্ত ইছা এর আগেও একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছে। এ কারণে কয়েক মাস ধরে বিদ্যালয় ও প্রাইভেট পড়তে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে রাইসার বাবা-মা একাধিকবার অভিযুক্তের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে অভিযোগ জানান। তখন ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত রাইসাকে মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ পরিবারের।

রাইসার মা ও স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. গাজী সালমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই ছেলের কারণে আমার মেয়ে কয়েক মাস ধরে ঠিকমতো বিদ্যালয়ে ও প্রাইভেটে যেতে পারেনি। আমরা একাধিকবার তার পরিবারের কাছে অভিযোগ জানিয়েছি। তারপরও আজ আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত ইছা ঘটনার পর থেকে পলাতক। তার বাড়িতে গিয়ে খোঁজ পাওয়া যায়নি। তার বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট